ইরাকসহ কয়েকটি দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা

  • ডেস্ক
  • রবিবার, ৩০ আগস্ট ২০২০ ০৬:১৭:০০
  • কপি লিঙ্ক

মহামারী করোনা ভাইরাসের মাঝে ইরাকসহ কয়েকটি মুসলিম দেশে কারবালার মর্মস্পর্শী ঘটনা স্মরণে সীমিত আকারে পালিত হচ্ছে পবিত্র আশুরা।  

এবার আশুরা উপলক্ষে শরীর রক্তাক্ত করলে শাস্তির বিধান করলো ইরান। এদিকে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত শোক পদযাত্রায় টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুঁড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।

সামাজিক দূরত্ব মেনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আশুরা পালিত হয়েছে ইরানে। তেহরানের রাস্তায় শোকের মিছিলের পাশাপাশি বাড়িতে ছোট ছোট সমাবেশ ঘটে। তবে তাতে পাঁচ জনের বেশি অংশ নেয়নি। কিছু মসজিদে বড় সমাবেশ হলেও, শোক প্রকাশকারীরা প্রবেশের আগে তাদের তাপমাত্রা পরীক্ষা করিয়ে নেন। 

এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়কে তাজিয়া মিছিলে শরীর থেকে রক্ত ঝড়ানো বন্ধ করতে এবার শাস্তির বিধান করল ইরান।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেন, এ ধরনের কাজ শোক প্রকাশ নয় বরং শোক প্রকাশের ধ্বংস সাধন। বিশ্বের কোনো কোনো অঞ্চলে আশুরা ও মোহররমের শোক প্রকাশের নামে অনেকেই নানা পন্থায় শরীরকে রক্তাক্ত করেন। বিষয়টি মহররমের পবিত্রতা ও শোক প্রকাশকারীদের সম্পর্কে নানা নেতিবাচক ধারণা সৃষ্টি করছে অনেকের মধ্যেই।

মুখে মুখোশ এবং গ্লাভস পড়ে পবিত্র নগরী ইরাকের কারবালায় জড়ো হয়েছিলেন শিয়া মুসলিমরা। এই অনুষ্ঠানের জন্য পবিত্র মাজারের চারপাশে তাপমাত্রা পরীক্ষা এবং জীবাণুনাশক বুথ স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার শিয়া মুসলিম করোনার নিয়ম বিধি তোয়াক্কা না করে ইমাম হোসেনের শাহাদাতের শোকের উৎসব আশুরা পালন করেছেন। এসময় অনেক অংশগ্রহণকারী তাদের বুকে আঘাত করে ইয়া হুসিইন বাক্যটি বার বার উচ্চারণ করছিল।

এদিকে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত শোক পদযাত্রায় টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুঁড়েছে পুলিশ। এতে হতাহত না হলেও আহত হয়ে শ্রীনগরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ প্রহড়া ও সাঁজোয়া যান নিয়ে শোক যাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। 

ইরাক, ইরান আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, লেবানন, পাকিস্তান, সৌদি আরব ও সিরিয়ায় হিজরি বছরের দশম দিন ইমাম হোসেনকে স্মরণ করে শিয়া সম্প্রদায় পালন করে আসছে পবিত্র আশুরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য