দেব-দেবীর ২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গা কেন্দ্রীয় হরি মন্দির

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

আকাশজুড়ে যেন রঙের উৎসব। সারি সারি দেব-দেবীর প্রতিমা, লোকজ কাহিনি আর নান্দনিক সাজসজ্জায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের রঙে সেজে উঠছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির। এবার এখানে বসছে ২৭৭টি প্রতিমার বর্ণিল প্রদর্শনী। গত বছরের ২৫১টি প্রতিমার আয়োজনকে ছাড়িয়ে এবার যুক্ত হয়েছে আরও ২৬টি প্রতিমা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সারি সারি প্রতিমায় ফুটে উঠেছে দেব-দেবীর নানা রূপ। কোথাও বেহুলা-লখিন্দরের কাহিনি, কোথাও নবদুর্গার বিভিন্ন রূপ। প্রতিমার পাশাপাশি চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মিলিয়ে পুরো মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ।

আয়োজকরা জানান, সাতক্ষীরার নীলরঞ্জন পালসহ ছয়-সাতজনের একটি কারিগরি দল টানা প্রায় দুই মাস ধরে ২৭৭টি প্রতিমা নির্মাণের কাজ করেছেন। মাটি, খড় ও রঙের নিপুণ ব্যবহারে প্রতিটি প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে আলাদা বৈশিষ্ট্য। মঙ্গলবার সকালে প্রতিমা নির্মাণের কাজ শেষ করে কারিগররা মন্দির প্রাঙ্গণ থেকে চলে যান।

কারিগরদের দুই মাসের শ্রমে তৈরি প্রতিমাগুলোর অবয়ব, পোশাক, অলংকার ও রঙের ব্যবহারে ফুটে উঠেছে শিল্পীদের দক্ষতার ছাপ। এখন চলছে প্রতিমাগুলোকে ঘিরে সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি।

আয়োজকদের তথ্যমতে, আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য ২৭৭টি প্রতিমার বিশেষ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায় বলেন, এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করতে ২৭৭টি প্রতিমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই মাস ধরে কারিগররা পরিশ্রম করে প্রতিমাগুলো নির্মাণ করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বেহুলা-লখিন্দরের কাহিনি ও নবদুর্গার উপস্থাপনার মাধ্যমে বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি দূর-দূরান্ত থেকে আগত ভক্ত-দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রতিমা দর্শনের আহ্বান জানান।

আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের এবারের আয়োজন জেলার অন্যতম আকর্ষণীয় পূজামণ্ডপে পরিণত হবে। গত বছর ২৫১টি প্রতিমা ছিল, এবার দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে তা ২৭৭টিতে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে এবং সাজসজ্জার কাজ এগিয়ে চলছে।

আয়োজকরা জানান, আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী এ হরি মন্দিরে ২০০৫ সাল থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বড় পরিসরে প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই আয়োজনের পরিধি বাড়ছে। এবার ২৬টি প্রতিমা বাড়িয়ে ২৭৭টি করায় উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে রঙিন আলো জ্বলে উঠলে ২৭৭টি প্রতিমা হয়ে উঠবে পৌরাণিক ও লোকজ কাহিনির এক বর্ণিল দৃশ্যপট। বেহুলা-লখিন্দরের কাহিনি থেকে নবদুর্গার নানা রূপ—ধর্মীয় আবহের সঙ্গে শিল্প, সংস্কৃতি ও লোকঐতিহ্যের মেলবন্ধনে দর্শনার্থীদের জন্য তৈরি হবে ভিন্নধর্মী এক আয়োজন।

Bzamin24 News | সত্যের সন্ধানে সারাক্ষণ

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য