অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখায় নাট্যদলের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

মঞ্চনাটকে সহ-অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন দেশটির প্রসিকিউটররা। একই সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রসিকিউটরদের দাবি, নাটকের ওই দৃশ্য দেশটির সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটিতে সারা নামের এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে পাড়ি জমান সারা। পরে সেখান থেকে আবার তেহরানে ফিরে আসেন তিনি।

নাটকটির একটি দৃশ্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ওই দৃশ্যে প্রধান অভিনেত্রী ফাতেমেহ মাসৌদিফারকে সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকের দিকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। এ সময় অভিনেতাকে তার সহকর্মী অভিনেত্রীর মাথার ওপর হাত রাখতে দেখা যায়।

দর্শকদের ধারণ করা ওই দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় এবং আইনি পদক্ষেপ নেয় ইরানের প্রসিকিউটররা।

ইরানে ইসলামি আইন অনুযায়ী, বৈবাহিক বা আত্মীয়তার সম্পর্ক নেই—এমন নারী-পুরুষের মধ্যে প্রকাশ্যে শারীরিক স্পর্শ নিষিদ্ধ। মঞ্চনাটকও এই বিধানের বাইরে নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিতর্কের পর নাটকটির প্রযোজনা সংস্থা শনিবার (২৬ সেপ্টেম্বর) দাবি করেছে, ভিডিওটি খুব কাছ থেকে এবং নির্দিষ্ট একটি টাইট অ্যাঙ্গেল থেকে ধারণ করা হয়েছিল। ফলে দৃশ্যটি বাস্তবের তুলনায় ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

প্রযোজনা সংস্থার দাবি, নাটকের ওই দৃশ্যের দুই চরিত্রের সম্পর্ক ভাই-বোনের। তাই ইসলামি আইনের দৃষ্টিতে তাদের মধ্যে এমন শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। একই সঙ্গে তারা জানায়, গল্পের একটি সংকটময় মুহূর্তে ওই দৃশ্যটি রাখা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে ধর্মীয় আইন লঙ্ঘনের অভিযোগে শিল্পীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নেওয়া ধারাবাহিক আইনি ব্যবস্থার মধ্যে নতুন এই মামলাটিও যুক্ত হলো।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কোম শহরের একটি আপিল আদালত সংগীতশিল্পী পরাস্তু আহমদীসহ আরও সাত শিল্পীর সাজা বহাল রাখেন। ২০২৪ সালের ডিসেম্বরে হিজাব ছাড়া ইউটিউব কনসার্টে পারফর্ম করার ঘটনায় তাদের বিরুদ্ধে ওই সাজা দেওয়া হয়েছিল।

রায়ে প্রত্যেককে ৭৪টি করে বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুই বছরের জন্য তাদের পারফর্ম করা এবং বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য