ফরিদপুরের সদরপুরে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রায় ১০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা বাৎসরিক ‘বিচারগান’ বন্ধ করে দিয়েছে স্থানীয় তৌহিদি জনতা। অনুষ্ঠান বন্ধের দাবিকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ গানটি বন্ধ করে দেয়।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের ইসলাম সিপাহির বাড়িতে অবস্থিত আশেকপাক দরবার শরীফে এ বিচারগান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ অনুষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম সিপাহির বাড়িতে দীর্ঘদিন ধরে প্রতিবছর বিচারগানের আয়োজন হয়ে আসছে। তবে অনুষ্ঠানটি নিয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তি রয়েছে। তাদের অভিযোগ, বিচারগানের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়।
এ নিয়ে শুক্রবার এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
গান বন্ধের দাবিতে তৌহিদি জনতার পক্ষে ওই এলাকার মাওলানা মামুনুর রশিদ (৫৬) সদরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, “গত বছরও হুজুরদের বাধার কারণে গান অনুষ্ঠিত হয়নি। এ বছরও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কী কারণে গান বন্ধ করা হয়েছে, তা আমি জানি না।”
দরবারের পরিচালক ইসলাম সিপাহির ছেলে ইকরাম সিপাহি বলেন, “আমাদের বাড়িতে প্রতিবছর এই গানের আয়োজন করা হয়। গত দুই বছর ধরে এ অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় কিছু হুজুরের পাশাপাশি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচরের কিছু লোকজনও গানে বাধা সৃষ্টি করছেন।”
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, “ওই এলাকায় গান আয়োজনের পক্ষে-বিপক্ষে থাকা লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গানটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি রাখা হয়েছে।”




.jpg)

মন্তব্য