কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেপ্তার

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় কষ্টিপাথরের কালীমূর্তিসহ আলফাডাঙ্গার মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও তাঁর মা সাজেদা বেগম (৬৫)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দাম আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের আকবার শেখের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) ও আতিয়ার রহমান।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে সাদ্দামের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে সাদ্দামের মা সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।

পরে সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী বোয়ালমারীর রূপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া বোয়ালমারী বাজারের একটি জুয়েলারি দোকান থেকে গলানো অবস্থায় আট আনা স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগেও কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় সাদ্দাম গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাঁর আলফাডাঙ্গার বাড়িতে অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হলেন তিনি।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য