ভাঙ্গায় প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ 

  • মামুনুর রশীদ নিজস্ব প্রতিবেদক ফরিদপুর:
  • শুক্রবার, ৩০ মে ২০২৫ ১২:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় গ্রামে বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে। 

অভিযোগ, উপজেলার ১২৮ নং পাতরাইল মৌজার বিএস ৯২৯ নং খতিয়ানের  বিএস ২৬১০ ২৬১১,২৬০০,২৬০০৫,২৬০৬ ও ২৬০০৭ দাগের ৮১ শতাংশ জমি ভোগ দখলে কামরুল আলম, নাজমুল আলম ও শরীফুল আলম পরিবারের। সাড়ে চার শতাংশ জায়গা জনগণের পায়ে হাটার রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সংক্রান্তে আদালতে মামলা মোকদ্দমা চলছে। তথাপি সম্প্রতি প্রতিপক্ষ খালেক মাতুব্বরসহ তাদের লোকজন রাস্তা নির্মাণের নামে জোর করে শরীফুল আলমদের জায়গা দখল করে। 

আদালতের নিষেধাজ্ঞা ও মামলার রায় শরিফুল আলমদের পক্ষে থাকার পরও খালেক মাতুব্বর ও তার লোকজন জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে, বাঁশঝাড়,গাছপালা কেটে জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

স্থানীয় মজিবর মাতুব্বরসহ কয়েকজন জানান আইন অমান্য করে পেশিশক্তির মাধ্যমে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণের পাশাপাশি গাছপালা কেটে নিয়ে গেছে।

অভিযুক্ত আঃ খালেক মাতুব্বর বলেন, স্থানীয় শালিসি মীমাংসার জন্য একাধিক বার অভিযোগকারী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু কথা দিলেও তারা কেউ  হাজির হয়নি। অবশেষে জনগণের চলাচলের সুবিধার জন্য দীর্ঘদিনের পুরনো পথ আটকে রাখায় জনগণ রাস্তার জায়গাটি পরিস্কার করেছে বলে জানান।

স্থানীয়  ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে দু'পক্ষের মধ্যে। কারো সাথে সু-সম্পর্ক না থাকায় বিষয়টি দিন দিন মামলা মকদ্দমা থেকে শুরু করে চরম তিক্ততার সৃষ্টি হয়েছে। শরিফুল আলম ও বিপক্ষের পরিবারে ভাঙ্গা থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে। তবে আইন অমান্য করে কেউ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য