ভাঙ্গায় রোড ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রোড ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গা থানার এফআইআর সূত্রে জানা যায়, জিআর নং-২৭, তারিখ-২৪ জানুয়ারি ২০২৬; ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।

ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু’র তত্ত্বাবধানে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান খান, এসআই (নিঃ) মোশারফ হোসেন, এসআই (নিঃ) আসাদ শেখসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভাঙ্গা গোলচত্বর থেকে ঢাকাগামী হাইওয়ে রোডের তারাইল সলিলদিয়া ব্রিজের সার্ভিস রোড এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তারা হলেন—

১. মোঃ কামাল উকিল (৪০), রাজৈর, মাদারীপুর
২. শাহ আলম শেখ (৩৫), রাজৈর, মাদারীপুর (বর্তমান ঠিকানা: মিরপুর, ঢাকা)
৩. মোঃ ইনছান মিয়া (২৫), দুর্গাপুর, নেত্রকোনা (বর্তমান ঠিকানা: মিরপুর, ঢাকা)

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে পরবর্তীতে ২৩ জানুয়ারি ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

৪. মোঃ রাজু মন্ডল (২৮), নওগাঁ
৫. মোঃ নুর আলম (২৩), নোয়াখালী
৬. মোঃ উজ্জ্বল (৩০), দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রোড ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য