গোপনে পাচারের সময় দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজার এলাকা থেকে শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আটটি স্বর্ণের বারসহ গোলজার হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৮০ ভরি, যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত গোলজার হোসেন কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কাটলা বাজারের বিদ্যুতের স'মিলের আশেপাশে গোলজার হোসেনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশকে কাছে যেতে দেখলে গোলজার ওই স'মিলের কাঠের লটের ভেতরে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে আটটি স্বর্ণের বার, নগদ ৬,০৬০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরো জানান, স্বর্ণের বারগুলো উদ্ধার করে থানায় এনে স্বর্ণকারদের দিয়ে তা পরীক্ষা করানো হয় এবং সেগুলো ওজন করে ৭৯ ভরি ১৪ আনা স্বর্ণ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের উপস্থিতিতে স্বর্ণের বারগুলো সিলগালা করা হয়।






মন্তব্য