আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) প্রত্যাশিতভাবেই আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান ফুটবলারের (MVP) পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে কখনো কোনো খেলোয়াড় টানা দুই বছর এই সম্মান পাননি।
তিন দিন আগেই ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ শিরোপা জিতিয়েছেন মেসি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারানোর ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্টে অবদান রাখেন তিনি। এই মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট-ও জিতেছেন তিনি।
মায়ামির জার্সিতে এমএলএসে এই মৌসুমে মেসির পরিসংখ্যান চোখধাঁধানো, ৩৪ ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট, অর্থাৎ দলের মোট ১০১ গোলের মধ্যে ৬৩টিতেই সরাসরি অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ক্লাবটিকে শীর্ষে তোলার চ্যালেঞ্জ নেন তিনি। শিরোপা জয়ের পর মেসি বলেন, “আমরা এই ক্লাবে আসার পর শীর্ষে ওঠা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। ক্লাবটি নতুন লক্ষ্য ছিল এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে তোলা।”
সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এলএমটেন। বয়স ও ব্যস্ত সূচির কারণে কিছু সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত মায়ামিকে আরও উচ্চতায় নিয়ে যেতে চুক্তি দীর্ঘায়িত করেছেন তিনি।
এবারের এমএলএস এমভিপি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স দ্রেয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।
এ পর্যন্ত ক্যারিয়ারে রেকর্ড ৪৮টি ট্রফি জয়ের পাশাপাশি মেসির ব্যক্তিগত অর্জনও অনন্য ৮ বার ব্যালন ডি’অর, ৩ বার ফিফা বেস্ট, ২ বার বিশ্বকাপে গোল্ডেন বল, ৩ বার উয়েফা বর্ষসেরা ফুটবলার, ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন স্যু, ৮টি পিচিচি ট্রফি এবং ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের সম্মান।
৩৮ বছর বয়সী এই তারকা ২০২৬ ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলবেন বলে জানা গেছে।






মন্তব্য