জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের ৪ কোটি পরিবারের নারী অভিভাবকদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই এসব সুবিধা পাওয়া যাবে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মৃধা বাড়ির উঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র রক্ষার স্বার্থে ও দেশের মানুষের কল্যাণের জন্য ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন। অতীতের প্রসঙ্গ টেনে তিনি জানান, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ ও মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ মোল্যা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, যুবদল নেতা সোবাহান হোসেন ইকবাল, যুবদল নেতা মুন্সী ইশারতসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দুঃস্থ ও অসহায় প্রায় ১২শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।






মন্তব্য