বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নামতে হবে না: বাবুল 

  • মামুনুর রশিদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০০
  • কপি লিঙ্ক

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে হবে এবং জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর কখনো রাজপথে নামতে হবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে ভাঙ্গা উপজেলার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল খান বলেন, বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষকদের সম্মানী ও সুযোগ-সুবিধা আকর্ষণীয় হলেও আমাদের দেশে শিক্ষকদের জীবনমান এখনো আশাব্যঞ্জক নয়। এজন্য শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহী হবে। প্রাথমিক স্তর থেকেই একটি শিশুকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে হবে এবং মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি। বিগত সময়ে শিক্ষকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে শিক্ষকরা বঞ্চিত হয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উৎপাদনমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বাবুল খান বলেন, কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে।

ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ শফি উদ্দীন মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাহাবুব সিদ্দিকী, প্রফেসর এনায়েত হোসেন, বিকাশ চন্দ দাস, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য