ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চরভদ্রাসন উপজেলার আলেপের মোড় এলাকায় অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজাহিদ বেগ অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বিভিন্ন এলাকায় তাঁর কর্মী ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এসব কর্মকাণ্ডের পেছনে একটি রাজনৈতিক দলের প্রার্থী জড়িত বলে অভিযোগ করলেও তিনি কারও নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, “নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ভয়ভীতি ও হুমকি দিয়ে কর্মী-সমর্থকদের দমিয়ে রাখার চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্বতন্ত্র এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।






মন্তব্য