খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সবাইকে জনগণের কাছে যেতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে প্রচারের আহ্বান জানান তিনি।
বুধবার (১২ জুলাই) বিকেলে সাপাহার মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাপাহার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষক শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পায় না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে, শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, সারা পৃথিবীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। আমাদের দেশেও দাম বেড়েছে। তারপরও দেশের মানুষ ভালো আছে। অনেক দেশের তুলনায় ভালো আছে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজাহান হোসেন মণ্ডল বক্তৃতা করেন।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।






মন্তব্য