বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় সামনে থাকা ছুটিগুলোও স্পষ্ট হয়ে উঠেছে।
সরকারি চাকরিজীবীদের জন্য বছরের বাকি সময়ে মোট ৬ দিন সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে তিনটি ছুটি পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মদিবসে অতিরিক্ত ছুটি হিসেবে মিলবে তিন দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন ছিল। সব মিলিয়ে সরকারি ছুটি ছিল ২৮ দিন।
তবে পরবর্তী সময়ে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে বছরের মোট সরকারি ছুটির সংখ্যা বেড়েছে।
সেপ্টেম্বরে ছুটি, তবে শুক্রবার
সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি পড়েছে শুক্রবারে। ফলে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবরে দুই দিনের ছুটি
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি রয়েছে।
২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। দুই দিনই কর্মদিবসে পড়েছে।
নভেম্বরে ফিরেছে আরও এক সরকারি ছুটি
বছরের বাকি ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর। সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল করে এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।
যদিও ২০২৬ সালে ৭ নভেম্বর পড়েছে শনিবার। তাই এটিও সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গেছে এবং অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
ডিসেম্বরে দুই দিনের ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরে দুদিনের সরকারি ছুটি আছে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে।
তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় চাকরিজীবীরা এ থেকে আর অতিরিক্ত ছুটি পাবেন না। ১৬ ডিসেম্বর পড়েছে কর্মদিবসে।
অর্থাৎ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের সামনে থাকা ছুটির দিনগুলো হলো- ৪ সেপ্টেম্বর, ২০ ও ২১ অক্টোবর, ৭ নভেম্বর এবং ১৬ ও ২৫ ডিসেম্বর। এর মধ্যে কর্মদিবসে পড়েছে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর; মোট তিন দিন। বাকি তিনটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।




.jpg)

মন্তব্য