রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার বেলা একটার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে থাকা অবস্থায় গর্তে পড়ে যায় সাজিদ। ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষার জন্য স্থানীয় এক ব্যক্তি পূর্বে যে গর্ত খনন করেছিলেন, বর্ষায় মাটি বসে গিয়ে সেটি আবার গভীর হয়ে পড়ে। সেই গর্তেই পড়ে যায় শিশুটি।
অভিযান শুরু হয় বুধবার আড়াইটার দিকে। একে একে আটটি ইউনিট যোগ দেয়। পরে এক্সকাভেটর দিয়ে পাশ থেকে খনন করে ৪৫ ফুট গভীরতা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো চিকিৎসক না থাকায় সরাসরি অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিশুটির মা রুনা খাতুন অভিযোগ করে বলেন, গ্রামের কছির উদ্দিন দুই বছর ধরে খনন করা গর্তগুলো ভরাট না করে রাখেন; তার শাস্তি চান তিনি। ঘটনার পর কছির উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
তানোর থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, কছির উদ্দিনকে এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।






মন্তব্য