নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ধানমণ্ডি জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি গণমাধ্যমকে বলেন, মামলাটি আজ বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গত রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল। এরপরই গাড়ি থেকে ইরফান সেলিমসহ তার লোকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিমকে বেদম পেটান। রাত সোয়া ১০টার দিকে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমণ্ডি থানায় জব্দ করা হয়। পরদিন সোমবার সকাল ৮টায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করা হয়।
মারধর ও হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিম ও জাহিদুলকে বুধবার তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বর্তমানে ধানমণ্ডি থানায় রিমান্ডে রয়েছেন ইরফান সেলিম তার দেহরক্ষী জাহিদুল মোল্লা ও প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দিপু।






মন্তব্য