সাদা কাফনে মোড়া লাশের আদলে ফেন্সিডিল বহন, গ্রেপ্তার ৪

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ ০৩:১৭:০০
  • কপি লিঙ্ক

লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ভেতর সাদা কাফনে মোড়ানো চারটি লাশ; পেছনে কালো রঙের মাইক্রোবাসে চারজন যাত্রী। দেখে মনে হবে স্বজনদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। আসলে তারা মৃতদেহের আদলে ফেন্সিডিল বহন করছিল। অভিযান চালিয়ে রাজধানীর শাহবাগ এলাকা থেকে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মোঃ সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)। 

ডিএমপি নিউজে বলা হয়, গত ৪ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, কতিপয় মাদক কারবারি কৌশল হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেন্সিডিল বহন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশবাহী গাড়ির পেছনে আসছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর দুপুরের দিকে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে এই রকম অভিনব কায়দায় ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা শহরে নিয়ে আসেন। এরপর ফেন্সিডিলগুলো সুযোগ বুঝে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করেন।

এ ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য