সদরপুরে যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সম্ভাব্য নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে সোহেল আমিন মোল্লার নাম।

সোহেল আমিন মোল্লা সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সদরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফরিদপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে তিনি সদরপুর উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তার সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখায় আসন্ন উপজেলা যুবদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সোহেল আমিন মোল্লা মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, রক্তদান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা, অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শিশু শ্রম প্রতিরোধ, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সোহেল আমিন মোল্লা কর্মীদের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। নতুন উপজেলা কমিটি গঠনকে ঘিরে তার নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে সোহেল আমিন মোল্লা বলেন, “দল যদি আমাকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়, তাহলে তিনটি চরাঞ্চলসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে চাই। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সদরপুর উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করব। দলীয় নেতৃত্ব আমার ওপর আস্থা রাখলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করব।”

সোহেল আমিন মোল্লা বলেন, “আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের নেতৃত্বে সদরপুর উপজেলার উন্নয়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা যুবদলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।”

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য