সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ০৪:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাড়ে সাতরশি গ্রামের আয়নালের মোড় এলাকায় ভাঙ্গা-বগাইল থেকে সদরপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দাস ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দাস মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য