১০ হাজার টাকায় নিলামে বিক্রি ভরাটের মালামাল

চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত

  • ফরিদপুর প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খাল ভরাটে ব্যবহৃত বালু, পাইলিং বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের ওই খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাল দখলের অভিযোগে সায়েদ মোল্লাকে খাল থেকে বালু সরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিনের সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি মালামাল সরিয়ে নেননি। বরং আরও বালু ফেলে খালটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের খবর পেয়ে সায়েদ মোল্লা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে খাল ভরাটে ব্যবহৃত বালু, পাইলিং বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ অন্যান্য মালামাল স্পট নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ ১০ হাজার টাকা দর দিয়ে মালামালগুলো কিনে নেন দিপু খান। তিনি পাঁচ দিনের মধ্যে নিলামে কেনা মালামাল সরিয়ে খালটি সম্পূর্ণ অবমুক্ত করার কথা জানান।

ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে খাল ভরাটে ব্যবহৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে।”

শত বছরের পুরোনো সরকারি খালটি দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে খালটির ওপর ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে দখল বা ভরাট করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য