সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষককে বিদায়

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ০৮ জুলাই ২০২৬ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে একই দিনে নতুন বিভাগীয় প্রধানকে বরণ এবং বদলিজনিত কারণে এক শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) কলেজে এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের ভূগোল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক এবং ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, প্রফেসর শোয়ায়েবের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে ভূগোল বিভাগের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

অন্যদিকে, বদলিজনিত কারণে কলেজ থেকে বিদায় নেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিন। তাঁকে বিদায় শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন এবং প্রভাষক সৈয়দ আমিনুল হক।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহীন উদ্দিন দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। সদরপুর সরকারি কলেজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

নবাগত বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব তাঁর বক্তব্যে কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভূগোল বিভাগের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই দিনে নতুন শিক্ষককে বরণ এবং একজন সহকর্মীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজে আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য