জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে: ছরোয়ার হোসেন

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ ছরোয়ার হোসেন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

রোববার (০১ জানুয়ারি) বিকেল ৫টায় সদরপুর সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সদরপুর উপজেলা শাখার আয়োজনে ১০ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ছরোয়ার হোসেন বলেন, “কেউ প্রমাণ দিতে পারবে না যে জামায়াতের কোনো নেতাকর্মী ভিন্ন ধর্মের কোনো মানুষের অধিকার হরণ করেছে।” তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। “এমন কোনো অন্যায় কাজ নেই যা তারা করে না—এসব বিষয় জাতির সামনে উন্মুক্ত,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে।”

পথসভায় তিনি দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জামায়াতের দু’জন মন্ত্রী ছিলেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।

এর আগে সদরপুর শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর বাজার ঘুরে সোনালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

সদরপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াত সদরপুর শাখার সেক্রেটারি শাহ্ আলম, আবুবকর সিদ্দিক ও ফরিদুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, এনসিপি ফরিদপুরের সদস্য সচিব সাইদ খান, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য