অভিভাবক-শিক্ষার্থী ও সহকর্মীদের 

ভালোবাসায় সিক্ত বিদায়ী প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সম্মানে এক আবেগঘন অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আহম্মেদের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী ও সহকর্মী চোখের জল ধরে রাখতে পারেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পারভীন বেগম, শিক্ষক মোঃ ফায়জুল হক, শহিদুল ইসলাম মোল্যা, হারুন অর-রশিদ, মোল্লা ফরিদ আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আহম্মেদ সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বিদায় বক্তব্যে তিনি সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য