ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকসহ এক চাকরিচ্যুত পুলিশ সদস্য ও অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন—রফিকুল ইসলাম (৪৭) ও আজিজুল আকন (২৩)।
সোমবার (—) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় রফিকুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং আজিজুল আকনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাবেক পুলিশ সদস্য রফিকুল ইসলামকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত পাউচ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, পশ্চিম শ্যামপুর গ্রামের উজ্জ্বল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকন নামে এক যুবককে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।






মন্তব্য