সদরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম সাঈম শেখ (১৪)। সে সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের উজ্জল শেখের পুত্র এবং চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈমের প্রতিবেশী ও জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাঈম সন্ধ্যার পর নিজ বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের তারের সংযোগ দিচ্ছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে সে বিদ্যুতায়িত হয়ে তারে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সরজিত সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য