সদরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামারী গ্রামে তানজিলা ইসলাম (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। নিহত তানজিলার স্বামী রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। দম্পতির রায়তুল নামে এক বছরের একটি ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পর তানজিলা তার মাকে ফোন করে বলেন, “আমার সন্তানটাকে দেখে রেখ।” রাত ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়—তানজিলা আত্মহত্যা করেছেন।

নিহতের মামা কুদ্দুস আলী অভিযোগ করে বলেন, “তানজিলার গলায় ফাঁসের দাগ নেই, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাসেল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য