ফরিদপুরের আলফাডাঙ্গা থানা জামে মসজিদে বয়স্কদের জন্য পরিচালিত কোরআন শিক্ষার বিশেষ ক্লাসের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রায় সাড়ে তিন মাসব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, নিয়মিত কোরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ শেখা এবং ধর্মীয় জ্ঞানে বয়স্কদের আরও সম্পৃক্ত করতে এ দীর্ঘমেয়াদি কোরআন শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হয়। সমাপনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ উদ্যোগ তাদের ইবাদত ও ধর্মীয় চর্চায় নতুন অনুপ্রেরণা দিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ডিভিশনের কুরআন শিক্ষার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম ও হাফেজ মাওলানা আবু নাইম। সার্বিক পরিচালনায় ছিলেন আলফাডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রহমান।
কুরআন শিক্ষায় অংশ নেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক সেকেন্দার আলম, আজিজুর রহমান দুলাল, গোলাম আজাদ মনিরসহ মোট ৩০ জন বয়স্ক শিক্ষার্থী।
শিক্ষার্থী ও সাংবাদিক সেকেন্দার আলম বলেন, বয়স বাড়লেও কোরআন শেখার ইচ্ছা কখনো কমে না। নিয়মিত শিক্ষা ও অনুশীলনের সুযোগ পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।






মন্তব্য