আলফাডাঙ্গায় ইউনাইটেড একাডেমীর ২০ শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমীর ২০ জন দরিদ্র, মেধাবী, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা মিনি হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তিনি বলেন, "এই অনুদান শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।" তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ইউএনও রাসেল ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। নবম শ্রেণীর শিক্ষার্থী  ফাইমা ইসলাম  জানায়, "আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এই আর্থিক সহায়তা অনেক বড় একটি সাপোর্ট। ইউএনও স্যার নিজে উপস্থিত থেকে আমাদের হাতে চেক তুলে দিয়েছেন, এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। এই টাকা আমাদের পড়াশোনার খরচ মেটাতে অনেক সাহায্য করবে।"

পানাইল ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক মেহেদী হাসান তার বক্তব্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এই অনুদান তাদের সেই সমস্যা সমাধানে অনেক সাহায্য করবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।"

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, SMAG/MMAG/GBAG অনুদানের মোট ৫ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা এই ২০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা হয়েছে। এই অনুদান শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও মসৃণ করতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন অনুদান প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মোল্লা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য