ফরিদপুরের আলফাডাঙ্গায় বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন ও যুব সমাজের আয়োজনে উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম পূর্বপাড়ায় বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ ক্যাম্পেইনের কার্যক্রম বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রবীণ ব্যক্তি আজিজুর রহমান মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানবিক রক্তদান ফাউন্ডেশনের পরিচালক শাকিল আহমেদ ও সহকারী পরিচালক মনির হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, বোয়ালমারীর বিশিষ্ট সমাজসেবক সুমন রাফি, আলফাডাঙ্গা জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি কাজী সাজেদুল হক (লিটন),উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবির হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, মসজিদের ইমাম আকরাম বকতিয়ার প্রমুখসহ অনেকে।
বক্তারা বলেন, আমাদের ভালো কাজ, ভালো চিন্তা, মহৎ উদ্যোগ মানব জাতির কল্যাণ বয়ে আনতে পারে। এরূপ একটি কল্যাণকর কাজ হলো ‘রক্তদান।’ স্বেচ্ছায় রক্তদানে অন্য মানুষের মূল্যবান প্রাণ রক্ষা পায় এবং নিজের জীবনও ঝুঁকিমুক্ত থাকে, রক্তদানের বিষয়ে ইসলাম ধর্মেও কোনো বিধি-নিষেধ নেই। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করে, তবে যেন সে সমস্ত মানুষকে রক্ষা করল।’




.jpg)

মন্তব্য