বিক্রি হওয়া নবজাতকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন

  • অনলাইন
  • শনিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২২ ০৫:০২:০০
  • কপি লিঙ্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হওয়ার পর মায়ের কোলে ফিরে আসা নবজাতক আব্রাহান ও তার মা তামান্না আক্তারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন, চাঁদপুর পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি ও মতলব উত্তর থানা-পুলিশ।

আজ শনিবার বেলা ১১টা থেকে ২টার মধ্যে পৃথক সময়ে উপজেলার বারোআনি গ্রামে তামান্না আক্তারের বাড়িতে যান প্রশাসনের কর্মকর্তা ও সংগঠনের নেতারা।

বেলা ১১টার দিকে চাঁদপুর পুনাকের সদস্য ও মতলব উত্তর থানা-পুলিশের সদস্যরা ওই নবজাতকের বাড়িতে যান এবং মা তামান্না আক্তারের হাতে নবজাতকের জন্য তিন সেট নতুন জামা, একটি শীতবস্ত্র ও পাঁচ হাজার টাকা দেন।

চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি ওই নবজাতককে কোলে নিয়ে আদর করেন। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল। 

চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ওই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বেলা দুইটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক ও তার মায়ের জন্য একটি শোবার চৌকি, দুটি কম্বল ও বড় এক প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়। প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ এসব সামগ্রী নবজাতকের মায়ের হাতে তুলে দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য