তাকে নিয়ে উদ্বেগে গোটা দেশ। অবশেষে টানা চারদিন পর এল স্বস্তির খবর। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখার্জি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
এমনটাই জানিয়েছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখার্জি । শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এক টুইটে এ কথা জানান তিনি।
অভিজিৎ জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।
টুইটারে তিনি লেখেন, ‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’
প্রণব মুখার্জির মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যত টুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’
শর্মিষ্ঠা আরও লেখেন, ‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির উপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান। ’
সূত্র: আনন্দবাজার পত্রিকা






মন্তব্য