ভাঙ্গায় ইজিবাইক ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

দীর্ঘ ১০ বছর নিজের গ্রাম থেকে নিরুদ্দেশ ছিল সামাদ সর্দার। কিন্ত বিঁধি বাম! কে জানত ঢাকা থেকে বাড়ি ফেরার সেই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা? বাড়ি যেতে চাইলেও ঘরে ফেরা হবে না তাঁর! নিজের গ্রামে আসতেই ইজিবাইক ছিনতাইকারী সন্দেহে জনতার হাতে প্রাণ গেল সামাদ সর্দারের।

ঘটনাটি ঘটেছে রোববার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে।

নিহত সামাদ সর্দার একই ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মৃত নাতু সর্দারের ছেলে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ সামাদ সর্দার পরিবারের।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘারুয়া বাজার থেকে সন্ধ্যা ৭টার দিকে রবিন কাজি নামক এক ইজিবাইক চালকের অটো রিজার্ভ করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় সামাদ সরদার ও অজ্ঞাতনামা এক যুবক। খামিনারবাগ এলাকায় এসে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মাথায় আঘাত করে ইজিবাইক নিয়ে পালাতে চেষ্টা করে দুই যুবক।

পরে অটোচালকের চিৎকারে গ্রামবাসী রাস্তায় বেড়িয়ে এসে ছিনতাই কারী বলে তাদের ধাওয়া করে। এসময় সামাদ সরদারকে আটক করে বেধড়ক মারপিট করে আহত করে এবং অন্যজন যুবক পালিয়ে যায়।

খবর পেয়ে নিহতের ভাই লালন সরদার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডাঙ্গারপাড় গ্রামের হায়দার মেম্বার বলেন, দীর্ঘ ১০ বছর আগে সামাদ সরদার একাধিক চুরির ঘটনায় তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘটনার পর জানা যায় তাঁর গ্রামে ফেরার খবর।

নিহত সামাদ সর্দারের ভাই লালন সরদার বলেন, আমার ভাই দীর্ঘ ১০ বছর যাবৎ ঢাকায় বসবাস করেন। গতকাল রাতে (১২ই ফেব্রুয়ারি) ঘারুয়া বাজার থেকে কোন গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। অটো চুরির ধোঁয়া উঠিয়ে আমার ভাইকে ডাঙ্গারপাড় গ্রামের কতিপয় যুবকের নেতৃত্বে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলতেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সকলের বিচার চাই।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম গ্রামবাসীর ভাষ্য মতে বলেন, নিহত ব্যক্তি ইজিবাইক ভাড়া করে বিভিন্ন এলাকা ঘোরা ফেরার করার পর খামিনারবাগ নামক এলাকায় পৌছে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে পালাচ্ছিল। এ ঘটনায় গ্রামবাসী তাকে মারধোর করায় চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। খবর  পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য