ফরিদপুর জিলা স্কুলে শুরু হচ্ছে ১৮৫ বছরের গৌরবময় পুনর্মিলনী উৎসব

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুলে আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে গৌরবময় ১৮৫তম বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উৎসব। দুই দিনব্যাপী এই আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য হবে স্মরণীয়, বিনোদনমূলক ও বর্ণাঢ্য।

উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর শপথবাক্য পাঠ, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা ঘোড়ারগাড়িসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। 

দুপুরে বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেলে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং সন্ধ্যায় আতশবাজি ও বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।

দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে মিনি ম্যারাথন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেলে স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সন্ধ্যায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৭টায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী সমাপনী আয়োজনের মাধ্যমে দুই দিনব্যাপী উৎসবের পর্দা নামবে।

উল্লেখ্য, ফরিদপুর জিলা স্কুল ১৮৪০ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৮৫ বছরের পথচলায় বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি জেলা ও দেশের শিক্ষাঙ্গনে একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব সুনাম অটুট রেখেছে।

উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম বলেন,
“আমাদের প্রাণের বিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং শিক্ষার্থীদের অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।”

সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি বলেন,
“এ আয়োজনে আমরা কোনো প্রধান বা বিশেষ অতিথি রাখিনি। ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাই আমাদের কাছে প্রধান অতিথি।”

উৎসবকে সফল করতে ২১ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ১৮টি উপকমিটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য