সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

বন্যার পানিতে তলিয়ে গেছে সেতু 

  • সিরাজগঞ্জ, প্রতিনিধি
  • রবিবার, ০৫ জুলাই ২০২০ ০৪:২৮:০০
  • কপি লিঙ্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নতুন করে আরও বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে।  উপজেলার শুভগাছা ইউনিয়নের বীরশুভগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত সেতুটি পানির তীব্র স্রোতে দেবে গেছে। 

সোমবার (২৯ জুন) থেকে সেখানে পাউবো এবং স্থাণীয় লোকজন সেতুটি রক্ষায় কাজ করলেও শেষ রক্ষা হয়নি। সেতুটির পাশের পুরাতন ওয়াপদা বাধেও ধস নেমেছে।

এদিকে চরগিরিশ ইউনিয়নের যোগাযোগের একমাত্র পাকা রাস্তার জোড়া সেতুটি পানিতে তলিয়ে গেছে। বাহাদুরের ঘাট থেকে ভেটুয়া ঘাট হয়ে এই সেতু পার হয়ে কাজিপুর উপজেলায় যেতে হয়। পাশাপাশি দুটি সেতু একসঙ্গে হওয়ায় স্থানীয়রা এটিকে জোড়া ব্রিজ বলে। গত বছর বন্যায় ব্রিজটির নিচ থেকে মাটি সরে গিয়ে একপাশে দেবে যায়। তারপরেও ওই সেতু হয়েই যাতায়াত চালু ছিলো। কিন্তু এ বছরের বন্যায় সেতুটি দিয়ে চলাচল বন্ধ রয়েছে।
 
চরগিরিশ ইউনিয়র আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, ‘বন্যায় ব্রিজটির ক্ষতি হয়ে গেছে। পানি নেমে গেলে এর সংস্কার করা জরুরি।’ এদিকে বন্যার পানি প্রবেশ করেছে নিশ্চিন্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।
  
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা জানান, এরই মধ্যে বন্যা কবলিত ইউনিয়নগুলোতে ২৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, বন্যার্তদের জন্যে বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য