ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত কবির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে ঢাকার দোহার উপজেলা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এসআই এনামুল হকের নেতৃত্বে বিশেষ টিম অংশ নেয়। পরে দুপুর দেড়টার দিকে গ্রেপ্তারকৃত কবির খানকে চরভদ্রাসন থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সম্প্রতি পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন বিকেল থেকে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয় দুর্গম চরাঞ্চলে।
অভিযান চলাকালে কবির খানের সহযোগী হিসেবে তার লাঠিয়াল ভাগিনা শেখ আলমগীর হোসেনকে আটক করা হয়। তাকে চরভদ্রাসন থানার মামলা নং-১২ (তারিখ: ২১ এপ্রিল ২০২৬) অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






মন্তব্য