দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জয়বর মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জয়বর মন্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে গত ২৬ এপ্রিল পরিবারের লোকজন তাকে এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সংঘর্ষের ঘটনার পরের দিন নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করে ছিলেন (মামলা নং-৪)। উক্ত মামলার তালিকাভুক্ত ১৩ জন আসামির মধ্যে ৪ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে সোমবার (২৭ এপ্রিল) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, খিয়ার মামুদপুর গ্রামের মৃত. দলিমুদ্দিনের পুত্র জামাল উদ্দিন (৫৫) ও কামাল উদ্দিন (৪৫), মৃত. খাতিমুদ্দিনের পুত্র ইয়াকুব আলী (৪০) এবং জামাল উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার সাব-ইন্সপেক্টর (এস,আই) শাহজাহান সিরাজ জানান, ওই ঘটনায় করা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য