সেই পুরোনো বাংলাদেশ যেন ফিরে এলো আবারও, ব্যাটিং বিপর্যয় কথাটা শুনা যেত বার বার। বিশ্বকাপে বড় দলকে হারানোর পরও যে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারাকে ব্যর্থতা ধরে নিয়েছে। সেই দলটিই শ্রীলঙ্কার মাটিতে গিয়ে দাঁড়াতে পারছে না। ৩১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে টাইগাররা।
প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫ বল মোকাবেলা করতেই বিদায়ী পেসার লাসিথ মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কারে মাটিতে পড়ে যান তামিম ইকবাল, তাকে ফাঁকি দিয়ে বল ভেঙে দেয় স্ট্যাম্প। বিশ্বকাপের বাজে ফর্ম শ্রীলঙ্কাতেও পিছু ছাড়লো না দেশসেরা ওপেনারের।
দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন। তাদের ২৯ রানের জুটিটি ভাঙে মিঠুনের এলবিডব্লিউয়ে। নুয়ান প্রদীপের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রক্ষা হয়নি। ২১ বলে ১০ রান করে ফিরতে হয়েছে মিঠুনকে।
এরপর সৌম্যও টিকতে পারেননি। বিদায়ী লাসিথ মালিঙ্গার দুর্দান্ত এক ডেলিভারিতে তামিমের মতোই স্ট্যাম্প হারান বাঁহাতি এই ওপেনার। ২২ বলে ১ বাউন্ডারিতে করেন মাত্র ১৫। মাহমুদউল্লাহ রিয়াদ উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দেন ৩ করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান। মুশফিকুর রহীম ৮ আর সাব্বির রহমান ৯ রানে অপরাজিত আছেন।






মন্তব্য