যুক্তরাষ্টের লুইজিয়ানায় হারিকেন লরার আঘাতে এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানি হয়েছে। ঝড়ের তান্ডবে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঝড় ও তীব্র বাতাসে গাছে চাপা পরে মারা গেছে শিশু সহ জন মারা গেছে।
রেকর্ড ভেঙে বন্যার পানি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে সুদানে। ধ্বংস হয়ে গেছে কয়েকহাজার বাড়িঘর। অন্যদিকে, বন্যার কারণে ভারতের উড়িষ্যা রাজ্যেও বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। নিবিড় আমীনের ডেস্ক রিপোর্ট।
স্থানীয় সময় বুধবার মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয় , দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে হারিকেন লরা। ২০ ফুট জলোচ্ছাসের যে আশংকা করা হচ্ছিলো, তেমনটা না হলেও ঝড়ের প্রভাবে অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, যতটা আশংকা করা হয়েছিল ততটা ক্ষতি না হলেও সাবধান থাকতে হবে সবাইকে।
এদিকে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যেও ঝড়ের তান্ডবে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আঘাত হানার সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘন্টাপ্রতি ১৫৮ কিলোমিটার। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় ৯৫ হাজার মানুষ।
এদিকে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় নাজেহাল অবস্থায় রয়েছে সুদান। প্রতি বছরের গ্রীস্মকালেই দেশটিতে বন্যা হলেও, চলতি বছরে ভেঙে গেছে অতীতের সব রেকর্ড। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পঁচাশির অধিক। ধ্বংস হয়েছে ১৮ হাজার বাড়িঘর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার।
বন্যায় করুন অবস্থা ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা রাজ্যেও। ব্যাপক বন্যায় গৃহহারা হয়ে পড়েছে হাজারো মানুষ। প্রায় ৭ হাজার মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ভাড়া অধিদপ্তর।






মন্তব্য