করোনায় যুক্তরাষ্ট্রে  মৃত্যু ৮০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে পরাক্রমশালী এ দেশটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ৪২২ জন।

এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮০ হাজার ৩৪ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। খবর বিবিসি ও আলজাজিরার।

এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আলো ঝলমলে শহরটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ১৮৬ জন।

এ অবস্থায় একদিন বিভিন্ন রাজ্যের লকডাউন শিথিল করা হয়েছে।

নিউইয়র্কের পরই সবচেয়ে বেশি ৯ হাজার ১১৮ জন নিউজার্সিতে, এর পর ম্যাসাচুসেটসে ৪ হাজার ৮৪০, মিশিগানে ৪ হাজার ৫২৬, পেনসিলভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৬৯১ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছে ২ লাখ ৮০ হাজার ৪৩১ জন।

প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৭২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার ২১ শতাংশ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক ।আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৮৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তার মধ্যে আমেরিকা এখন সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৮০ হাজার ৩৪ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য