সদরপুরে যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশে দিলেন নেতাকর্মীরা

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ০২:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ মুন্সী উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবদলের একটি মিছিল মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ মুন্সী মিছিলটি দেখে বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে আটক করেন।

মিছিলটির নেতৃত্বে থাকা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ওই ব্যক্তি বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য