নতুন পে স্কেল কার্যকরের পর ধাপে ধাপে বেতন পুনর্নির্ধারণ বা পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত অর্থ কিংবা বকেয়া পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে নতুন করে কোনো অর্থ দাবি করা যাবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
গত বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশ করা হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে স্বাক্ষর করেছেন।
গেজেটে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল বাস্তবায়নের সময়, অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্য মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এ নীতিমালা বহাল রাখা হয়েছে।
তবে নতুন পে স্কেলের ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারিত বেতন ধরে এ ভাতা হিসাব করা হবে না। বরং ছুটিতে যাওয়ার সময় চাকরিজীবী যে মূল বেতন বাস্তবে পাচ্ছেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে দেওয়া হবে।
অর্থাৎ, কোনো সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ভাতা একবার উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। গেজেটে অর্থ বিভাগের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানানো হয়েছে।




.jpg)

মন্তব্য