ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ তুলেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। এর মাধ্যমে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকিস্বরূপ।

বিএনপি প্রার্থী বাবুল বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি তাকে ও বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের মিথ্যাচার চালাচ্ছেন। একই সঙ্গে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে নিক্সন চৌধুরীর সমর্থক উল্লেখ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান শহিদুল ইসলাম বাবুল।

তবে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং জনগণই শেষ পর্যন্ত বিজয়ী হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য