নির্বাচনী প্রচারণার চিরাচরিত ধারার বাইরে গিয়ে এক ভিন্নধর্মী আমেজ সৃষ্টি করেছেন ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। রবিবার (২১ ডিসেম্বর) রাতে চরভদ্রাসন উপজেলার আমলের ব্রিজ এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি নিজ হাতে ঝালমুড়ি তৈরি করে ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।
একজন সম্ভাব্য জনপ্রতিনিধির এমন সাদামাটা ও আন্তরিক আচরণে মুগ্ধ হন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাতে মুজাহিদ বেগ আমলের ব্রিজ এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। প্রচারণার একপর্যায়ে বিরতি নিয়ে তিনি স্থানীয় ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ নামক একটি নির্মাণসামগ্রীর দোকানে বসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে ঝালমুড়ি বানানোর উদ্যোগ নেন। বড় একটি গামলায় নিজ হাতে মুড়ি মেখে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষের মাঝে তা বিলিয়ে দেন।
দোকানের মালিক মো. কামরুল হাসান বলেন, “ঝালমুড়ি আমাদের খুব প্রিয় খাবার। কিন্তু আমাদের আসনের একজন প্রার্থী নিজ হাতে মুড়ি মেখে খাওয়াবেন—এটা কখনও ভাবিনি। এর আগে কোনো প্রার্থীকে এভাবে আমাদের সঙ্গে মিশতে দেখিনি। আমার দোকানে বসে তিনি এই কাজ করায় আমি ও এলাকার মানুষ অনেক আনন্দিত।”
মুজাহিদ বেগের ঝালমুড়ি মাখানোর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। চরভদ্রাসনে আমার জন্ম, এখানকার মানুষ আমার আপনজন। লিফলেট বিতরণের সময় ক্লান্ত হয়ে ওই দোকানে একটু বসেছিলাম। তখন প্রিয় মানুষগুলো পাশে আসায় স্বতঃস্ফূর্তভাবেই ঝালমুড়ি মাখানোর বিষয়টি ঘটে। এটি কোনো পূর্বপরিকল্পিত প্রচারণা ছিল না।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হতে হলে আগে মানুষের মনের কাছাকাছি যেতে হয়। আমি বিজয়ী হই বা না হই, সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের এই ব্যতিক্রমী প্রচার কৌশল সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।






মন্তব্য