চার পুলিশ সদস্যসহ সিরাজগঞ্জে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৯ পুলিশসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৮ জনে।
শনিবার (৩০ মে) দুপুরে সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেও জানান, শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ হলেও বাকী ৮৩ জনের নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জের ৩, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ জন করে রয়েছেন। আক্রান্ত চার পুলিশ সদস্য হলেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারি উপ-পরিদর্শক ও ডিবি পুলিশের দুজন কনস্টেবল। এ নিয়ে জেলায় মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বাংলাদেশ জমিনকে বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।






মন্তব্য