নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। করোনা ভাইরাসে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া জনসাধারণকে সাহায্যের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাল গ্রহণ করলেও তা আত্মসাৎ করেছেন তিনি, এমনটি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে বেশী সময় দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ত্রাণ সহযোগিতা তোলেন বাচ্চু। প্রায় সকল ব্যবসায়ী অর্থ ও চাল দিয়ে সহযোগিতা করলেও পরবর্তীতে সব টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে বাচ্চুর বিরুদ্ধে।
শনিবার (১৬ মে) সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তাজুর অফিসে এ নিয়ে শালিস হয়। সেখানে বাচ্চুকে শাসানো হয় এবং বাচ্চু সবার সামনে কানে ধরে ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হওয়ার পর বাজারের ব্যাবসায়ীদেরকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জানা যায়, কাঁচামাল ব্যাবসায়ী শাহজাহান ৮ বস্তা চাল , কনফেশনারী ব্যাবসায়ী হাসান ২ বস্তা চাল , কামার এর দোকানের কামাল ৩ বস্তা চাল, কাপড় ব্যাবসায়ী দ্বীন ইসলাম থেকে ২ বস্তা চাল দিয়েছে বাচ্চুকে। এভাবে প্রায় শতাধিক দোকানদার থেকে ত্রাণের নামে অর্থ ও বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বাচ্চুর বিরুদ্ধে। ত্রাণ না দেওয়ায় সবাই আলোচনা করলে তাঁর অপকর্ম জানাজানি হয়।
উল্লেখ্য, এর আগেও এমন অসংখ্য প্রতারনা, নারী কেলেংকারী সহ বিভিন্ন কার্যকলাপে অভিযুক্ত বাচ্চু স্থানীয় কিছু অসৎ প্রভাবশালীর ছত্রছায়ায় পার পেয়ে যান। এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর নাম্বার বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য