‘দিল্লি-লন্ডনে হামলার ষড়যন্ত্র করেন সোলাইমানি’

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলাইমানির মৃত্যুতে সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডার মার-এ-লেগোতে অবকাশ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উপস্থিত সাংবাদিকদের বলেন, সোলাইমানি নিরপরাধ মানুষ হত্যাকে তার বদভ্যাসে পরিণত করেছিলেন। দিল্লি থেকে লন্ডন পর্যন্ত সন্ত্রাসবাদী চক্রান্তে তার ভূমিকা ছিল। আমরা সোলাইমানির অত্যাচারের শিকার হওয়া বহু মানুষের কথা স্মরণ করছি এবং এটা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে তার সন্ত্রাসের রাজত্ব শেষ।

২০ বছর ধরে সোলাইমানি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প।

‌‘যুক্তরাষ্ট্র যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। এতে প্রচুর প্রাণ বাঁচত।’

সোলাইমানি হত্যায় দুই দেশের মধ্যে যুদ্ধও বাধবে না বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।

এদিকে হামলার ব্যাপারে ইরান বলেছে, উপযুক্ত সময় ও স্থানে মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের এলিট ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাববিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়।

মন্তব্য