বোয়ালমারীতে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে কিশোর শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

  • অনলাইন
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারীতে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস পায়ুপথে ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। বুধবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ শেষে শরীর পরিষ্কারের সময় রিহাত শেখ ও তার এক সহযোগী কম্প্রেসারের বাতাস কিশোর শ্রমিক মো. সজিব ওরফে শরীফ (১২)-এর পায়ুপথে প্রবেশ করায়। এতে সে গুরুতর আহত হয়।

প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে র‌্যাব জানায়, অতিরিক্ত বাতাসের চাপে ভিকটিমের অন্ত্রে একাধিক ছিদ্র সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের পিতা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৭/২০২৬)। ঘটনার পর আত্মগোপনে থাকা রিহাত শেখকে র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তারা জানান, নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-১০ ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য