নোয়াখালীর হাতিয়ায় উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই রোহিঙ্গা। দগ্ধদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: সফি আলম (১২) রবিউল (৫) সোহেল (৫) রাসেল (৩) মোবাশের (৩২) বসির উল্যা (১৫) রশমিদা (৩) জোবায়দা (১১) আমেনা খাতুন (২৪)।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে ৫ শিশুসহ ৯জন দগ্ধ হয়।
ওসি কাওসার আলম ভূঁইয়া আরও জানান, পরে আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।






মন্তব্য