বিদেশী পিস্তল ও গুলি রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে শিবচরে পুলিশের জালে ৪ যুবক গ্রেপ্তার

  • মাদারীপুর প্রতিনিধি:
  • সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১০:৫৮:০০
  • কপি লিঙ্ক

প্রতিপক্ষের গরুর ফার্মে অবৈধ অস্ত্র ও গুলি রেখে  প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মাদারীপুরের শিবচরে পুলিশের জালে আটক হয়েছে ৪ যুবক।

পুুলিশ জানায়, রবিবার রাতে জেলার শিবচর উপজেলার হোগলারমাঠ এলাকার মৃত জয়নুদ্দিন শেখের ছেলে খলিল শেখ পুলিশকে ফোনে জানায় হোগলার মাঠ এলাকার সেলিম মোল্লার গরুর ফার্মে অবৈধ অস্ত্র রয়েছে। সংবাদ পেয়ে শিবচর থানার এসআই রবিউল হাসানের নেতৃর্ত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অবৈধ অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে ও সেলিম মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।
 সেলিম মোল্লাকে জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে সেলিম মোল্লাকে ফাঁসাতে অন্য কেউ ঘটনাটি ঘটিয়েছে। তার সাথে অন্যদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। 
পরে পুলিশ প্রথমে সংবাদদাতা খলিল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাইজুল মোল্লা অবৈধ অস্ত্রটি সেলিম মোল্লার গরুর ফার্মে রেখেছে ও পুলিশকে ফোন দিতে তাকে বলেছে। পরে অভিযান চালিয়ে পুলিশ তাইজুল মোল্লা (২০) তার সহযোগী এনামুল শেখ (২৫) ও ইয়াছিন শেখ(২৫) কে আটক করে। আটককৃত তাইজুল মোল্লা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তাহের হাওলাদারকান্দি গ্রামের হাজী কুদ্দুস মোল্লার ছেলে, খলিল শেখ একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ গ্রামের মৃত জয়নুদ্দিন শেখের ছেলে, এনামুল শেখ একই গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে ও ইয়াছিন শেখ একই গ্রামের আজাহার শেখের ছেলে বলে পুলিশ জানায়। 

শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, অন্যকে ফাঁসাতে গিয়ে অন্যের গরুর ফার্মে অস্ত্র ও গুলি রেখেছিল আটককৃতরা। আটককৃতদের সাথে সেলিম মোল্লার জমি সংক্রান্ত বিরোধ ছিল। তাই সেলিম মোল্লাকে ফাঁসাতে আটককৃতরা তার গরুর ফার্মে অস্ত্র রেখেছিল। আমরা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছি এবং তারা অপরাধ স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য