পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন মৌসুমের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দিনশেষে সুখবর এসেছে মাত্র রিশাদ হোসেনের। বাকি সবাই রয়ে গেছেন দলহীন।
নিলামের আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর নিলাম থেকে রিশাদ হোসেনকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি, দলটি আগে মুলতান সুলতান্স নামে পরিচিত ছিল। এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে এই দুজনই নিশ্চিতভাবে পিএসএলে খেলছেন।
নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব এবং সাকিব আল হাসান।
এবারের নিলামে নাম নিবন্ধন করেছিলেন মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামের বিরতি পর্যন্ত দল পেয়েছেন কেবল রিশাদ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন নাম মুস্তাফিজুর রহমান। আগেই জানা গিয়েছিল, তিনি এবারের পিএসএলে খেলবেন। পরে লাহোর কালান্দার্স তাকে সরাসরি দলে ভেড়ায়।
উল্লেখ্য, সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। শুরু থেকেই দলে ছিলেন রিশাদ, পরে যোগ দেন সাকিব ও মিরাজ। এবার লাহোরে থাকছেন মুস্তাফিজ, আর রিশাদের ঠিকানা রাওয়ালপিন্ডি।
এর আগে আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশনার কারণে তাকে ছাড়তে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। এরপরই পিএসএলে সুযোগ পান এই বাঁহাতি পেসার।






মন্তব্য